বাংলাদেশের সাথে ভারতের একটি স্থিতিশীল সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থানকে "অভ্যন্তরীণ বিষয়" বলেও অভিহিত করেন তিনি।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
সাক্ষাৎকারে বহুলপ্রচলিত প্রবাদবাক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, “প্রতিবেশী দেশগুলি একে অপরের উপর নির্ভরশীল।“
এনডিটিভিকে জয়শংকর বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে সম্পর্কটি আমরা স্থিতিশীল রাখতে চাই।“
তিনি আরও বলেন, “বাংলাদেশের সাথে আমাদের ভালো বাণিজ্য আছে। আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমরা চাই বাংলাদেশের সাথে সম্পর্কটা এভাবেই স্থিতিশীল থাকুক।"
এনডিটিভি জানায়, বিস্তৃত এই সাক্ষাৎকারে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধ এবং সেই সংঘাতে দিল্লির সম্ভাব্য শান্তিরক্ষাকারী ভূমিকা, সেইসাথে ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সমালোচনামূলক মন্তব্য, গাজা যুদ্ধ এবং তৃতীয় মেয়াদে প্রথম ১০০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির বিদেশ সফরের বিষয়ে কথা বলেন এস জয়শঙ্কর।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় এস জয়শঙ্কর ভারতীয় পার্লামেন্টকে বলেছিলেন, শেখ হাসিনা ‘খুব স্বল্প নোটিশে’ দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে পালানোর অনুমতি চেয়েছিল। পার্লামেন্টে সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, নিজের পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য শেখ হাসিনাকে সময় দিতে চায় ভারত সরকার।
টাইফুন ইয়াগিতে ভিয়েতনাম-থাইল্যান্ড-মিয়ানমারে নিহত পাঁচশর বেশি