অস্ত্র মামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লুৎফর মোল্লাকে (৩৫) ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। ফরিদপুর জজকোর্টের আইনজীবী শাহ মো.আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ জানুয়ারী রাত ৮ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাজারের একটি জুতার দোকানের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ লুৎফর মোল্লাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এসআই মো. জুয়েল মিয়া বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনা দীর্ঘ তদন্ত শেষ অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী নবাব আলী মৃধা বলেন, ‘এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে এবং পরবর্তীতে এ ধরনের কাজ করতে আর কেউ সাহস পাবে না।’
যৌন নির্যাতনের অভিযোগে মার্কিন র্যাপার গ্রেপ্তার