২২৫ শতাংশ বেড়ে পুরুষদের সমান প্রাইজমানি নারী বিশ্বকাপে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

নারী ক্রিকেটে উন্নতির পর্যায়ক্রমিক ধাপ হিসেবে এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিতে ব্যাপক পরিবর্তন এনেছে আইসিসি। গত আসরের তুলনায় এবার প্রাইজমানির ক্ষেত্রে সামগ্রিক উন্নতি হয়েছে ২২৫ শতাংশ। শুধুমাত্র চ্যাম্পিয়ন ও রানারআপ দলের প্রাইজমানিই বেড়েছে গতবারের তুলনায় ১৩৪ শতাংশ।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজমানির পরিমাণ ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ইউএস ডলার, যা গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি। এবার চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার পাবে ২.৩৪ মিলিয়ন ইউএস ডলার। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া প্রাইজমানি হিসেবে পেয়েছিলো ১ মিলিয়ন ইউএস ডলার।

এবার রানারআপ দল আর্থিক পুরস্কার পাবে ১.১৭ মিলিয়ন ইউএস ডলার। সেমিফাইনালিস্টরা পাবেন ৬ লাখ ৭৫ হাজার ইউএস ডলার করে, যা গত আসরের তুলনায় তিনগুণের বেশি।

 

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি

চ্যাম্পিয়ন

২৩ লাখ ৪০ হাজার ইউএস ডলার

রানার আপ

১১ লাখ ৭০ হাজার ইউএস ডলার

সেমিফাইনালিস্ট

৬ লাখ ৭৫ হাজার ইউএস ডলার

৫ম-৮ম দল

২ লাখ ৭০ হাজার ইউএস ডলার

৯ম-১০ম দল

১ লাখ ৩৫ হাজার ইউএস ডলার

গ্রুপ পর্বে জয়

৩১ হাজার ১৫৪ ইউএস ডলার

 

প্রাইজমানি বেড়েছে প্রতিটি ক্ষেত্রেই। এবার কোনো দলই আসর থেকে খালি হাতে ফিরবে না। অংশগ্রহণকারী দশটি দলই ভিত্তি প্রাইজমানি হিসেবে পাবে অন্তত ১ লাখ ১২ হাজার ৫০০ ইউএস ডলার করে। সবার তলানিতে থাকা নবম ও দশম অবস্থানের দল দুটো বাড়ি ফিরবে ১ লাখ ৩৫ হাজার ইউএস ডলার প্রাইজমানি নিয়ে।

এবারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। ভেন্যু বদলে আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এ আসর বসবে আমিরাতের দুবাই ও শারজাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত