ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র্যাবের হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
তিনি বলেন, বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেজগাঁও পুরান বিমানবন্দরে তাকে বহন করা র্যাবের হেলিকপ্টার অবতরণ করেছে। ঢাকা মহানগর পুলিশে তাকে সোপর্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ইসরাইল হাওলাদার গণমাধ্যমকে বলেন, তিনি সিলেটের মামলায় জামিন পেলেও ঢাকায় তার নামে আরো চার-পাঁচটি মামলা রয়েছে। ঢাকার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।
এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে শুনানি শেষে আদালত মানিকের জামিন মঞ্জুর করেন।
সিলেট আদালতের পরিদর্শক মো. জমশেদ আলী জানান, কড়া নিরাপত্তায় আজ সকালে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে আনা হয়। জামিন পাওয়ায় তাকে সিলেট কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট রাতে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন ২৪ আগস্ট তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক, মিলছে না মুক্তি