বরগুনার আমতলীতে চায়ের দোকানে বসে মাদক বিক্রির সময় ইজ্জত আলী ও শংকর নামে দুই কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরগুনার আমতলী উপজেলার আমতলী পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের সময় ক্লিনিকের পাশে মতিয়ার রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইজ্জত আলী সুনামগঞ্জ সদরের মনপুর এলাকার আ. হকের ছেলে ও শংকর আমতলীর হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের উপেন শিকদারের ছেলে।
বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ইজ্জত আলী ও শংকরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাজার বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।
