রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকত আলী। বুধবার (১৮ সেপ্টেম্বর) তাকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন—২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. শওকত আলী, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তগুলো হলো—ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে, উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
গত ১৬ জুলাই আবু সাঈদের হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় তোলপাড় হয়। পরে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তোপের মুখে ৯ আগস্ট পদত্যাগ করেন সদ্য সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদ। পরে বিশ্ববিদ্যালয়ের স্থবিরতা কাটাতে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হোসেনকে। পরদিন শিক্ষার্থীদের তোপের মুখে তিনিও পদত্যাগ করলে পুনরায় স্থবির হয়ে পড়েছিল বিশ্ববিদ্যালয়টি।
