ইউরোপে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

ইউরোপের মধ্যাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাড়িয়েছে। বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নতুন করে বহু এলাকা প্লাবিত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

চেক রিপাবলিক ও পোল্যান্ডের সীমান্ত এলাকাগুলোতেই বন্যার প্রকোপ সবচেয়ে বেশি। গত সপ্তাহজুড়ে চলা ভারি বৃষ্টিতে নদীর পানি বাড়তে থাকায় তীব্র স্রোতে কিছু সেতু ভেঙে পড়ে।

পোল্যান্ডের শিক্ষামন্ত্রী বারবারা নোভাচকা বলেছেন, ‘চারটি প্রদেশের প্রায় ৪২০টি স্কুল বন্ধ আছে। নিসা শহরে একটি হাসপাতাল খালি করে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।’

পোলিশ সীমান্তবর্তী চেক শহর জেসেইনিকে পানি কমার পর রাস্তায় রাস্তায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও আবর্জনার স্তূপ পড়ে থাকতে দেখা গেছে।

রোমানিয়ার পূর্বাঞ্চলের শহর ও গ্রামগুলো শনি ও রবিবার পানির নিচে ডুবে ছিল। ওই অঞ্চলের স্লোবোজিয়া কোনাকি কমিউনের মেয়র জানিয়েছেন, ‘বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিবাসীরা সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন।’

চেক রিপাবলিকের বন্যাকবলিত এলাকাগুলো থেকে ১২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার দেশটির এক লাখ ১৮ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত