কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তিন ঘণ্টাব্যাপী উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলার ১৬ আসামিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, হকিইস্টিক ও কাঠের রোল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু মোল্লা গ্রুপ ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল মোল্লার ছেলে যুবলীগ নেতা জহির মোল্লা নিহত হন। এ ঘটনার জেরে সাইফুল মেম্বারের বাড়িসহ প্রায় ৩০টি বাড়ি-ঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তখন আবু মোল্লার লোকজনের ভয়ে ৩০টি পরিবারের প্রায় শতাধিক সদস্য বাড়ি ছেড়ে চলে যান।
আজ বৃহস্পতিবার শিক্ষার্থীদের সহযোগিতায় সাইফুল মেম্বার গ্রুপের লোকজন বাড়িতে গেলে আবু মোল্লা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেন। পরে ছাত্র ও স্থানীয় লোকজন বাড়িটি অবরুদ্ধ করে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশকে খবর দিলে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে সেনাবাহিনী নিয়ে ঘটনাস্থলে যাই এবং অভিযান চালাই। বিভিন্ন মামলার এজহারনামীয় ১৬ আসামিকে আটক করে থানায় নিয়ে আসি। এ ছাড়া অভিযানে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করি।
তিনি আরও জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সাইফুল মেম্বার ও ছাত্রদের তিন সমন্বয়কসহ মানিককান্দি গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে দিয়ে একটি নাগরিক কমিটি করে দেওয়া হয়েছে।
গলে ল্যাথাম-উইলিয়ামসনের ফিফটি
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫