সম্পদের হিসাব দেবেন উপদেষ্টারা, নীতিমালা অনুমোদন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা কোন প্রক্রিয়ায় আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন, তা ঠিক করে একটি খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের উপস্থাপন করা ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালার খসড়া প্রণয়ন করে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা হয়।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ যারা সরকার বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, তারা প্রতিবছর আয়কর জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে নীতিমালায় সংযুক্ত ছকে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। এ বিধান রেখে খসড়া আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদিত হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দীর্ঘদিন থেকে সরকারে থাকা ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশ করার দাবি জানিয়ে আসছে নাগরিক সমাজসহ বিভিন্ন মহল। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টিও সামনে আসে।

এর আগে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে ৩ সেপ্টেম্বর নির্দেশনা দেয় সরকার। পরদিন কীভাবে তারা সম্পদের তথ্য জমা দেবেন সেটির ফরম ঠিক করতে কমিটিও গঠন করে দেয় জনপ্রশাসন বিভাগ। পাঁচ সদস্যের এ কমিটি সরকারের কাছে সম্পদের তথ্য দাখিল করার একটি অভিন্ন ফরম বা বিবরণী তৈরির ছক তৈরি করবে।

আয়কর আইন অনুযায়ী, কোম্পানি ব্যতীত অন্য করদাতাদের আয়কর হিসাব বিবরণী জমার শেষ দিন ৩০ নভেম্বর। তবে কোনো কোনো বছর সরকার বিশেষ ব্যবস্থায় এ সময় বাড়িয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত