অন্তর্র্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বলে জানিয়েছে বহুপক্ষীয় ঋণদাতা সংস্থা-বিশ্বব্যাংক। সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ শেষে এ কথা বলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।
অর্থনৈতিক পুনরুদ্ধার, দুর্নীতি দূর এবং বিচার বিভাগের মতো ক্ষেত্রে মূল সংস্কার গ্রহণের জন্য অন্তর্র্বর্তী সরকারের পদক্ষেপে বৃহত্তর সমর্থনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর জবাবে মার্টিন বলেন, ‘আমাদের ওপর নির্ভর করুন। আমরা সাহায্য করতে প্রস্তুত।’
রাইজার বলেন, বিশ্বব্যাংক সরকারের সংস্কার এজেন্ডা দেখে ‘উচ্ছ্বসিত’। তিনি মনে করেন, ‘এখন বাংলাদেশ সফর করা মূল্যবান’। তিনি বলেন, ‘অনেক প্রত্যাশা রয়েছে।’
সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক ব্যাংকিং, কর, শুল্ক, ভ্যাট, ডিজিটাইজেশন, দুর্নীতিবিরোধী পদক্ষেপে সংস্কার প্রয়াসে সহায়তা করতে প্রস্তুত।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যাংকের সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্র্বর্তী সরকার দুর্নীতি থেকে মুক্তি পেতে এবং একটি নতুন যাত্রার সূচনা করতে জনগণের কাছ থেকে ব্যাপক ম্যান্ডেট পেয়েছে। তিনি বলেন, ‘এটি সংস্কারের মৌসুম। আমরা এখনই শুরু করতে চাই।’ জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান বিদ্যমান ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের জন্য মাঠ প্রস্তুত করেছে। তিনি আরও বলেন, ‘আমরা পেছনে ফিরে যেতে চাই না। এ আন্দোলন অতীতকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এখন এটি একটি পরিচ্ছন্ন সেøট।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজিবিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী প্রমুখ।
