মধ্যাহৃভোজন বিরতির খানিক আগে এমন আঘাত পেতে চায়নি বাংলাদেশ! পরপর দুই বলে চলে গেলেন বাংলাদেশের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। শুরুতে জাকির হাসান, তারপরের বলে মুমিনুল হক। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
ক্রিকেটীয় ভাষায়, থ্রু দ্য গেট! ৯ম ওভারের প্রথম বলে রাউন্ড দ্য উইকেট থেকে আকাশ দীপের অ্যাঙ্গেল ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি জাকির। ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল মাঝের স্টাম্প ফেলে দিয়েছে। ২২ বলে ৩ রান করে ফিরেন এই ওপেনার।
জাকির আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন মুমিনুল হক। তার আউটটি যেন জাকিরের আউট হওয়ারই অ্যাকশন–রিপ্লে। ব্যাট ও প্যাডের ফাঁক গলে বোল্ড! দুর্দান্ত আকাশ টানা দুই বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। তবে নতুন ব্যাটার মুশফিকুর রহিম সেটা হতে দেননি।
৯ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করে গেছে বিরতিতে। ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
বুমরার শিকার সাদমান, শুরুতেই ধাক্কা
হাসানের ৫ উইকেট, ভারত থামল ৩৭৬ রানে