বাংলাদেশ অলআউট ১৪৯ রানে, ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে ভারত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

ফলো অনের শঙ্কা নিয়ে চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। চা বিরতি থেকে এসে বাংলাদেশ টিকলো আরও ১০ ওভার ১ বল। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাতে ফলোঅনে পড়ে বাংলাদেশ।

ভারতের চেয়ে ২২৭ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত।

শেষ ব্যাটসম্যান নাহিদ রানা বোল্ড হওয়ার পর ধারাভাষ্যকক্ষে হার্শা ভোগলে বলছিলেন, এত ভালো ব্যাটিং কন্ডিশনে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে হতাশ করল বাংলাদেশ। আসলেই তাই। সবচেয়ে বেশি হতাশ করেছেন সাকিব আল হাসান ও লিটন দাস।

সকালের সেশনে ভারত তাদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুটা মোটেও ভালো হয়নি। মধ্যাহৃভোজন বিরতিতে যাওয়ার আগে হারিয়েছে ৩ উইকেট। সাদমান ইসলামকে বোল্ড করেন জাসপ্রিত বুমরা। এরপর টানা দুই দলে জাকির হাসান ও মুমিনুল হককে তুলে নেন আকাশ দীপ। বাংলাদেশের স্কোর তখন ৯ ওভারে ৩ উইকেটে ২৬।

দ্বিতীয় সেশনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নাজমুল ও মুশফিক দ্রুত আউট হওয়ার পর সাকিব ও লিটনের ব্যাটে তাকিয়ে ছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ৯৪ বলে ৫১ রানের জুটি গড়ে ভালোই পাল্টা জবাব দিচ্ছিলেন দুজন। মাঝে এক ওভার বিরতিতে দুজনেই দুটি অপ্রয়োজনীয় সুইপ শট খেলে আউট হন। এতেই ভেঙে যায় বাংলাদেশের পাল্টা লড়াইয়ের স্বপ্ন। ৩২ রানে আউট হন সাকিব। ২২ রানে আউট হন লিটন।

২৭ রানে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ শেষ দিকে লোয়ার অর্ডারদের নিয়ে পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। হাসান মাহমুদের সঙ্গে ২০, তাসকিনের সঙ্গে ১৮ এবং নাহিদ রানার সঙ্গে ১৯ রানের জুটি গড়েছিলেন। কিন্তু ফলোঅনের সীমানা পেরোনোর আগেই ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ভারত।

বাংলাদেশ প্রথম ইনিংস

৪৭.১ ওভারে ১৪৯ (সাকিব ৩২, মিরাজ ২৭*, লিটন ২২, শান্ত ২০, রানা ১১, তাসকিন ১১, হাসান ৯, মুশফিক ৮, জাকির ৩, সাদমান ২, মুমিনুল ০; বুমরা ৪/৫০, জাদেজা ২/১৯, আকাশ ২/১৯, সিরাজ ২/৩০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত