যুবলীগ নেতাকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণে ছাড়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম

লক্ষ্মীপুরে আবদুর রহমান নামে এক যুবলীগ নেতাকে তুলে নিয়ে নির্যাতন করার পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আবদুর রহমান সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পাঁচপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে আবদুর রহমান পাশের পালপাড়া বাজারে তার শিশু সন্তানের চুল কাটানোর জন্য যান। এ সময় পাঁচপাড়া গ্রামের বিএনপির কর্মী নিকু ও খোকনের নেতৃত্বে একদল লোক তাকে মারধর করে। পরে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আবদুল হান্নানের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি।

যুবলীগ নেতা আবদুর রহমানের পরিবারের সদস্যরা জানান, মারাত্মক আহত আবদুর রহমানকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বিএনপি নেতা ও ইউপি সদস্য আবদুল হান্নান মুক্তিপণ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। কেউ থানায় অভিযোগও করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত