বগুড়ায় উপজেলায় ১২ মামলার আসামি সাগর তালুকদারসহ দুই জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত অপর জন হলেন স্বপন (৩৩)।
রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার শাবরুল গ্রামের ছোট মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সাগরের বোন জামাই জালাল উদ্দিন ও মুক্তার নামে দুই জন আহত হয়েছেন।
নিহত সাগর তালুকদার শাজাহানপুর উপজেলার শাবরুল গ্রামের হাটখোলা পাড়ার মোস্তফা তালুকদারের ছেলে ও স্বপন একই এলাকার সাইফুলের ছেলে। নিহত সাগর শাহাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতা বলে এলাকায় পরিচিত এবং শাজাহানপুর, কাহালু ও নন্দীগ্রামের ৩০ গ্রামের মানুষ তার কাছে জিম্মি ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় ও শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার সোয়া ৭টার দিকে সাবরুল ছোট মন্ডল পাড়ায় সাগর ও তার লোকজন মিলে আড্ডা দিচ্ছিল। এসময় একদল দুর্বৃত্ত তাদের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলে সাগরের মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রথমে স্থানীয়রা সাগরের লাশ শনাক্ত করে। পরে ওই স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে স্বপনের লাশ পাওয়া যায়।
শাজাহানপুর থানার এসআই ফারুক দুজন নিহতের বিষয় নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের হামলায় সাগর ও স্বপন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাগর তালুকদার দুটি হত্যা ও চাঁদাবাজিসহ এক ডজন মামলার আসামি। নিজেকে স্বেচ্ছাসেবক লীগের কর্মী পরিচয় দিয়ে এমন কোনো অপকর্ম নেই, যা তিনি করেন না। স্থানীয় ২৫-৩০ তরুণ-যুবককে নিয়ে গড়ে তুলেছেন ‘সাগর বাহিনী’। প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছে রীতিমতো 'মূর্তিমান আতঙ্ক' হয়ে উঠেছিল এই বাহিনী।
স্থানীয়দের অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগের নাম ভাঙিয়ে শাজাহানপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলার আশপাশে ৩০ গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন সাগর তালুকদার। মাদক ব্যবসা, চাঁদাবাজি করতেন।
