কমলাকে কৃষ্ণাঙ্গ মানতে নারাজ জ্যানেট জ্যাকসন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের দৌড় নিয়ে প্রশ্ন তুলেছেন পপতারকা জ্যানেট জ্যাকসন। তিনি মনে করেন, ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থীই জয়ী হোক না কেন ‘বিশৃঙ্খলা’ হবে। এ ছাড়া কমলা হ্যারিসকে কৃষ্ণাঙ্গ মানতেও নারাজ তিনি। আগামী ১৩ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগোতে শেষ হতে যাওয়া ‘টুগেদার এগেইন’ সফর নিয়ে সম্প্রতি দ্য গার্ডিয়ানের উইকেন্ড পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে। এ সময় প্রতিবেদক জানতে চান আমেরিকানরা প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টকে ভোট দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। তখন জ্যাকসন তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করেন, ‘আচ্ছা, আপনি জানেন তারা কী বলেছিল? তিনি কৃষ্ণাঙ্গ নন, আমি শুনেছি তিনি ভারতীয়। তার বাবা শ্বেতাঙ্গ, আমাকে এমনটাই বলা হয়েছিল’, বলেন জ্যাকসন। রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিসের বাবা ডোনাল্ড জে হ্যারিস একজন জ্যামাইকান-আমেরিকান অর্থনীতিবিদ এবং স্ট্যানফোর্ড বিশ^বিদ্যালয়ের অধ্যাপক। যিনি হ্যারিস এবং তার বোন মায়া যখন ছোট ছিলেন তখন তার ভারতীয় মায়ের কাছ থেকে আলাদা হয়ে যান।

আমেরিকা এমন একজন প্রেসিডেন্টের জন্য প্রস্তুত কি না, যিনি কৃষ্ণাঙ্গ নারী? এমন প্রশ্নে জেনেট জ্যাকসন বলেন, ‘আমি জানি না। সত্যি বলতে, আমি এর উত্তর দিতে চাই না, কারণ আমি সত্যিই জানি না। আমার মনে হয়, যেভাবেই হোক না কেন, বিশৃঙ্খলা হবেই।’

এর আগে জুলাইয়ে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টস কনভেনশনে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছেন, তার প্রতিদ্বন্দ্বী আসলে একজন কৃষ্ণাঙ্গ নারী কি না। শিকাগোতে ট্রাম্প বলেন, ‘তিনি ভারতীয় বংশোদ্ভূত ছিলেন এবং শুধু ভারতীয় ঐতিহ্যের প্রচার করেন। বেশ কয়েক বছর আগ পর্যন্ত আমি জানতাম না সে কালো ছিল এবং এখন সে কালো হিসেবে পরিচিত হতে চায়। তাই আমি জানি না, তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত