ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ। তিনি ইবির ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। এদিন শিক্ষা মন্ত্রানালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
ড. নকীব মো. নাসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি অস্ট্রোলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতার দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বছর শিক্ষকতা ও বিভিন্ন মেয়াদে প্রক্টর পদে দায়িত্ব পালন করেছেন।
তার কর্মজীবনে দেশ ও বিদেশে অর্জিত একাডেমিক এবং অনুশীলন উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতার একটি সমৃদ্ধ মিশ্রণ প্রতিফলিত হয়। তিনি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ আইন, মানবাধিকার ও উন্নয়ন ইস্যু, আন্তর্জাতিক অপরাধ আইন ও বিচার, মানবিক সহায়তা ও যুদ্ধের সুরক্ষা ভিকটিম, উদ্বাস্তু, অভিবাসী এবং সংখ্যালঘু এবং জাতীয় ব্যবসায়িক আইন ও ইসলামিক আইনি এবং সামাজিক অধ্যয়নসহ আইন সম্পর্কি বিভিন্ন বিষয়ের উপর তার অ্যাকাডেমিক অভিজ্ঞতা রয়েছে।
তিনি জাতীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কিত জার্নাল ও বইগুলোতে ৩৫ টিরও বেশি গবেষণা নিবন্ধ ও বইয়ের অধ্যায় রচনায় অবদান রেখেছেন।
