৫ গোলের জয়ের পরও অস্বস্তিতে বার্সা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ এএম

লা লিগায় শতভাগ জয় দিয়ে মৌসুম শুরু করা বাসেলোনা চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে হেরেছে মোনাকোর মাঠে। তবে লিগে ফিরতেই স্বরূপে ফিরেছে কাতালান ক্লাবটি। ষষ্ঠ রাউন্ডে ভিয়ারিয়ালের মাঠে বার্সেলোনা জিতেছে ৫-১ গোলে। দুটি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি ও রাফিনহা। অপরটি করেন পাবলো তোরেস। তবে জিতেও স্বস্তিতে নেই কাতালানরা। তার বড় কারণ ইনজুরিতে গোলকিপার আন্দ্রে টের-স্টেগেনের ছিটকে পড়া।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্টেগেন হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। বল ধরার সময় পড়ে গিয়ে ডান হাঁটুতে চোট পান জার্মান এই গোলকিপার। তার বদলি হিসেবে নামেন ইনিয়াকি পেনা। সোমবার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে স্টেগেনের। কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা পরে জানানো হবে ক্লাবের পক্ষ থেকে। তবে ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে অভিজ্ঞ এই গোলকিপারকে। স্টেগেনকে নিয়ে কোচ হানসি ফ্লিক বলেন, ‘বেশ গুরুতর চোট মনে হয়েছে। সে নিজেও এ রকম মনে করছে, মাঠে আপনারা দেখতেই পাচ্ছিলেন...।’

ম্যাচে ছিল বেশ নাটকীয়তা। ১৭ মিনিটে লামিন ইয়ামালের শট পোস্টে লাগে। ৬৭ মিনিটে লেভার নেওয়া পেনাল্টিও ফিরেছে পোস্টে লেগে। সেটি গোলে পরিণত হলে হ্যাটট্রিক হতো লেভানডফস্কির। ইয়ামালকে বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টি পেয়েছিলেন লেভানডফস্কি। লেভা পেনাল্টি মিসের পরপরই ভিয়ারিয়ালের করা গোল ভিএআর-এ বাতিল হয় অফসাইডের কারণে।

ম্যাচের ২০ মিনিটেই পাবলো তোরেসের পাস থেকে বক্সের ভেতর থেকেই শটে গোল করেন লেভা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডফস্কি। চলতি মৌসুমে লিগে ৬ ম্যাচে ৬ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে লেভা। তিন মিনিট পর এক গোল শোধ দেন ভিয়ারিয়ালের পেরেজ। ৫৮ মিনিটে পেদ্রির পাসে বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে গোল করেন তোরেস। ৭৪ মিনিটে বক্সে পাও ভিক্টরের পাস থেকে ছুটে গিয়ে বুলেট গতির শটে বল জালে পাঠান রাফিনহা। ৮৩ মিনিটে রাফিনহার গোলে ইয়ামালের অ্যাসিস্ট ছিল দারুণ। ডান প্রান্ত দিয়ে বল পায়ে ছুটে মিডফিল্ডের একটু সামনে যান ইয়ামাল। মাঝখান দিয়ে ছুটছিলেন রাফিনহা, তাকে ধরতে সঙ্গে লেগে ছিল ভিয়ারিয়ালের দুই ডিফেন্ডার। ইয়ামাল দারুণভাবে উঁচু করে থ্রু বল দেন। রাফিনহার গতির সঙ্গে পেরে ওঠেননি বাকিরা। এগিয়া আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। চলতি লিগে ৬ ম্যাচে ৫ গোল হলো রাফিনহার।

আতলেতিকো মাদ্রিদ ও রায়ো ভায়েকানোর ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ৩৫ মিনিটে পালাজোনের গোলে এগিয়ে যায় স্বাগতিক ভায়েকানো। ৪৯ মিনিটে শোধ দেন আতলেতিকোর কনর গালাঘের। ম্যানসিটি থেকে আতলেতিকোতে যোগ দেওয়া আলভারেজ এদিনও ছিলেন ব্যর্থ। লা লিগায় ৬ ম্যাচে মাত্র ১ গোল আলভারেজের। লা লিগায় ৬ ম্যাচে সব জিতে শীর্ষে আছে বার্সেলোনা। ৬ ম্যাচে তিনটি করে জয় ও ড্রতে ১২ পয়েন্টে চারে আছে আতলেতিকো মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত