ডিজিটাল হবে এনবিআরের সব লেনদেন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, করদাতারা যাতে দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন, সে উদ্দেশে এনবিআরের সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করা হবে। এজন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া এনবিআর আগামী মাসগুলোতে ডিজিটাল ট্রান্সফরমেশনের লক্ষ্যে কাজ করে যাবে, যার একটি অংশ এই ই-রিটার্ন সার্ভিস সেন্টারটি।

গতকাল সোমবার সকালে আগারগাঁওয়ে এনবিআরে ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধনকালে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশনের প্রধান মিশেল ক্রেজাসহ জাতীয় রাজস্ব বোর্ডে সব সদস্য ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সার্ভিসেস ইনডেক্স অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশ ১১ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক গড়কেও ছাড়িয়ে গেছে। এলডিসি দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান অর্জন করেছে।

খুব শিগগিরই এনবিআর সব লেনদেন ডিজিটালে হবে জানিয়ে মা. আবদুর রহমান খান বলেন, এনবিআর আগামী মাসগুলোতে ডিজিটাল ট্রান্সফরমেশনের লক্ষ্যে কাজ করে যাবে, যার একটি অংশ এই ই-রিটার্ন সার্ভিস সেন্টারটি। তাছাড়া নতুন এই সার্ভিস সেন্টারটি ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে সহায়তা প্রদান করবে। যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় ওই সার্ভিস সেন্টারটি পরিচালিত হচ্ছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমাদের এই কার্যক্রমের মূল লক্ষ্য কর ফাঁকিরোধ করা। তাছাড়া দেশের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য রয়েছে, আমরা তাদের বিরুদ্ধে কার্যকরমূলক ব্যবস্থা নেব। এজন্য এনবিআর তার প্রস্তুতি শুরু করেছে।

ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশনে রূপান্তরের ক্ষেত্রে ই-রিটার্ন সিস্টেমের উন্নয়ন এবং সার্ভিস সেন্টার পরিচালনায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে ধন্যবাদ জানান জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান।

মিশেল ক্রেজা এনবিআরকে ই-রিটার্ন সিস্টেমের সফল বাস্তবায়ন এবং এই সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ ও অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সার্ভিস সেন্টারটি সব কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাবেন। এছাড়া িি.িবঃধীহনৎ.মড়া.নফ-এর বঞধী ঝবৎারপব অপশন হতে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন ও সমাধান পাবেন বলে জানিয়েছে এনবিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত