রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ক্লাস শুরুর ১০ মাসেও শুরু হয়নি সেমিস্টার পরীক্ষা। দীর্ঘদিন পার হলেও পরীক্ষা না হওয়ায় সেশনজটের কবলে পড়েছেন তারা। বিভাগে কয়েক দফা দাবি জানালেও শুধু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। ফলে সেশনজট নিরসন, চার মাসে সেমিস্টারসহ ৪ দফা দাবিতে বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে বিভাগে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে বিভাগের সামনে অবস্থান নিয়ে চার দফা নিয়ে কথা বলেন তারা।
এ সময় শিক্ষার্থীরা, ‘পরীক্ষা কেন ধীরগতি, কি করছেন সভাপতি, রেজাল্ট কেন দশ মাসে, রেজাল্ট চাই এক মাসে, দুই বছরে দুই সেমিস্টার, ধিক্কার ধিক্কার, শিক্ষকদের স্বেচ্ছাচারিতা, রুখে দাও, গুড়িয়ে দাও, ১২ মাসে সেমিস্টার, চলবে না চলবে না, পরিবারের নামে প্রতারণা চলবে না, চলবে না, মিষ্টি কথা বাদ দেন, আমাদের ছেড়ে দেন, আমরা কেন আদু ভাই, জবাব চাই জবাব চাইসহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের চারদফা দাবিগুলো হলো- ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দশ মাস পর শুরু হয়। তবে মাত্র দুটি কোর্সের পরীক্ষা নেওয়া হলেও বাকি পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না। আটকে থাকা কোর্স গুলোর রুটিন আজকের মধ্যে প্রকাশ করতে হবে, ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের দশ মাস ক্লাসের পরেও পরীক্ষার ফর্ম-ফিলাপের তারিখ দেওয়া হয়নি। আজকের মধ্যে ফর্ম-ফিলাপের তারিখসহ পরীক্ষার রুটিন দিতে হবে, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি পাওয়া অধ্যাপক মুসতাক আহমেদের তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা এবং পাশাপাশি বিভাগ থেকে এ বিষয়ে কি ধরণের সহযোগিতা করা হয়েছে সেটি শিক্ষার্থীদের জানানো এবং বিভাগে সেশনজট নিরসনে চার মাসে সেমিস্টার শেষ করা।
শিক্ষার্থীরা জানান, ক্লাস শুরু পর প্রায় ১০ মাস পার হলেও এখনো সেমিস্টার পরীক্ষা হয়নি। প্রত্যেক বর্ষের শিক্ষার্থী ভয়াবহ সেশনজটে পড়েছে। বিভাগে কয়েক দফা আলোচনা করলেও তারা শুধু আশ্বাসই দিয়ে গেছেন। কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই সব সেমিস্টারে এখন থেকে পরীক্ষাসহ চার মাসের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ এক বছরে তিন সেমিস্টার যাতে শেষ হয় সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইনসান আলী বলেন, আমাদের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়ে প্রায় ১০ মাস হয়ে গেছে। এখনো আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হলো না। এমনকি আমাদের ফরম ফিলআপও শুরু হয়নি। আমাদের বিভাগের নতুন চেয়ারম্যানের মেয়াদ প্রায় ৩ মাস। শুরু থেকেই তার কাছে আমাদের পরীক্ষার বিষয় নিয়ে বার বার গিয়েছি। আলাদা আলাদাভাবে এবং দলগত ভাবে আলোচনা করেছি স্যারের সাথে। তিনি শুধু আমাদের ধৈর্য ধরার কথা বলে কালক্ষেপণ করেছে। এখন যতদ্রুত সম্ভব আমাদের পরীক্ষা শুরু হোক সেটাই চাই।
বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শেখ ফাহিম আহমেদ বলেন, আমরা চাই না ছোট ভাই-বোনেরা আর আমাদের মতো সেশন জোটের মতো মানসিক যন্ত্রণায় থাকুক। কতটা ধীরগতি হলে একটা সেমিস্টার শেষ করতে ১২ মাস লেগে যায়। আমরা চার দফা দাবিতে আজ এখানে দাড়িয়েছি। গত ২২ সেপ্টেম্বর আমরা বিভাগের সভাপতি বরাবর চার দফা পেশ করে দুই দিনের আল্টিমেটাম দেই। এই চার দফা দাবি মেনে না নেওয়ায় আমরা বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি।
এর আগে গত ২২ সেপ্টেম্বর বিভাগের সভাপতির নিকট চার দফা দাবি দিয়ে দুই দিনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। তাদের দাবি মেনে না নেওয়ায় আজকের এই কর্মসূচি পালন করছেন তারা।
