গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামে। পিতার নাম জবের শেখ।
মঙ্গলবার (২৪) সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাহুত নজরুল ইসলামের কোন ভুল সংকেত পেয়েই তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের নিচে পিষ্ট করে হাতিটি। ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
গোপালগঞ্জ বন বিভাগের জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেছেন, পশু ডাক্তারসহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইতোমধ্যে গাজিপুর থেকে রওনা হয়েছেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশের পোস্টমর্টেম শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
