কক্সবাজারের ডুলাহাজরা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সোমবার দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (৩৯ এসটি ব্যাটালিয়ন) নিহত হয়েছেন। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দেশপ্রেমিক সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ারের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত অবস্থায় এই মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে। তিন পার্বত্য জেলাসহ সারাদেশে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।
তিনি বলেন, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে দেশব্যাপী শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত যৌথবাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসী সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
