সাভারের আশুলিয়ায় শ্রমিকদের উসকানি ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করে গার্মেন্টস শিল্পে নাশকতার ষড়যন্ত্রে জড়িত থাকায় আওয়ামী লীগ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। এর আগে সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- দেওয়ান আব্দুল হাই (৫২), রনি (২৭), মো. জাহিদুল ইসলাম (২৪), শাহাপরান (৩৩), মো. রাব্বি মিয়া (২৫), মো. মিজানুর রহমান (৩৮), জাহিদুল (৩৮), মো. শুক্কুর আলী (৪০)। এর মধ্যে দেওয়ান আব্দুল হাই আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ পাঁয়তারা করছে। গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে তারা বিভিন্নভাবে শ্রমিকদের উসকানি দিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার পাঁয়তারা করছে। তারা গাড়ি পুড়িয়ে এমনকি আইনশৃঙ্খলা বাহিনীসহ যৌথ বাহিনীর ওপর শ্রমিকদের লেলিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে।
এসব উসকানিদাতা ও নেতৃত্ব প্রদানকারীদের দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, পোশাক শিল্পের ওপর দেশের অর্থনীতি নির্ভরশীল। এ শিল্পকে ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র ও পাঁয়তারা করছে। এরই ধারাবাহিকতায় শিল্পাঞ্চলে আমাদের যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সকালে থেকে সাভার আশুলিয়ায় শিল্প কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আজও ৪৬টি শিল্প কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ আছে। এছাড়া মঙ্গলবার ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, শিল্প পুলিশ সদস্যদের বিভিন্ন কারখানার গেটে অবস্থান নেওয়ার পাশাপাশি সড়ক মহাসড়কে টহল অব্যাহত আছে।
দুই দিনের রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম
আজও বন্ধ ৫৫ কারখানা, বাড়ি ফিরে গেছে অনেক শ্রমিক