চাঁদপুরে ন্যায্য মূল্যের চেয়ে বাড়তি দামে ইলিশ বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার বড় স্টেশন মাছ ঘাটে এই অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানে অতিরিক্ত মুনাফায় ইলিশ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী মো. রিপনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা বাজার মনিটরিংয়ে আসি। এ সময় আমি ক্রেতা সেজে এক ব্যবসায়ীর কাছে মাছের দাম জানতে চাই। এ সময় তিনি আমার কাছে দাম চায় ১৫০০ টাকা। পরে তার কাগজ চেক করে দেখি তিনি কিনেছেন ১০০০ টাকা দরে। ক্রেতাদের কাছে এমন অস্বাভাবিক দামে মাছ বিক্রি করা অন্যায়। তাই তাকে অর্থদণ্ড দিয়েছি। তাছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরও পর্যবেক্ষণ করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে ইলিশের দাম নিয়ন্ত্রণে এমন অভিযানের সাধুবাদ জানিয়েছেন মৎস্য ব্যবসায়ী নেতারা। জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার বলেন, আমরাও চাই ইলিশের দাম নিয়ন্ত্রণে থাকুক। একজন ব্যবসায়ীর অনিয়ম পাওয়ায় তাকে জরিমানা করা হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। ভোক্তা অধিদপ্তর কর্তৃপক্ষের নিয়মিত বাজার মনিটরিং থাকলে সকলের মাঝে স্বচ্ছতা থাকবে।
উল্লেখ্য, ভারতে ইলিশ রপ্তানি ঘোষণার পর থেকে কেজিতে ১০০-১৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। বর্তমানে এক কেজি ওজনের স্থানীয় পদ্মা মেঘনা নদীর ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-১৮৫০ টাকায়। ৭শ-৯শ গ্রাম ওজনের ইলিশ ১৪০০-১৬৫০ টাকা দরে। দক্ষিণাঞ্চল থেকে সরবরাহকৃত মাছ কেজিতে ২০০-৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে।
ভারতে ইলিশ রপ্তানি বাতিলে হাইকোর্টে রিট
তরুণীর মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছিলেন প্রেমিক