উদ্ধার অভিযানে গিয়ে নদে ডুবে গেলেন ডুবুরি, দুদিন পর মিলল লাশ 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদে নিখোঁজের দুদিন পর মিজানুর রহমান সরদার (২২) নামে এক ডুবুরির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী এলাকায় নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

ডুবুরি মিজানুর রহমান সরদার খুলনা সদরের ৫ নম্বর ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছুদুল আলম জানান, গাবুরায় চলমান মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহণের বাল্কহেডের নোঙর কপোতাক্ষ নদীতে ডুবে যায়। সেটি উদ্ধারের জন্য খুলনা থেকে ওই ডুবুরিকে আনা হয়। এক পর্যায়ে গত সোমবার বেলা ২টার দিকে নদীতে কাজ করার সময় তিনি তলিয়ে যান। বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার সকালের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

শ্যামনগর থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত