বোনের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাহারতা গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে এবং এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজার ছিলেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদুল জানান, রায়হান গতকাল তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত