ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ইয়াসিন (১৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক মো. ইয়াসিন গৌরীপুর উপজেলার গজন্দরের আব্দুল হান্নানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়।
জানা যায়, গৌরীপুর মধ্যবাজার পূজা উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছর মধ্যবাজারে দুর্গাপূজার আয়োজন করা হয়। মন্দিরটিতে প্রতিমা বানানোর কাজ চলছিল। গতকাল বৃহস্পতিবার ভোরে এক যুবক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। সেখান থেকে ভাঙা প্রতিমার অংশ নিয়ে যাওয়ার সময় লোকজন এসে তাকে ধরে ফেলেন। গৌরীপুর থানার ওসি মাজহারুল আনোয়ার বলেন, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।