চট্টগ্রাম কলেজে শিবির পরিবেশ বিনষ্টের পাঁয়তারা চালাচ্ছে: ডা. শাহাদাত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পিএম

চট্টগ্রাম কলেজে গত এক মাস ধরে ইসলামী ছাত্রশিবির শিক্ষার পরিবেশ বিনষ্টের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন। সেখানে শিবিরের সশস্ত্র হামলায় ৮ থেকে ১০ জন ছাত্রদল কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

শুক্রবার আহত ছাত্রদল কর্মীদের চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঘটনার নিন্দা এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ডা. শাহাদাত বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অধ্যক্ষের কাছে অভিযোগ দিতে গেলে তাদের ওপর ছাত্রশিবিরের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল করীম আরিয়ান, শরীফুল ইসলাম আবির, আজিজুল হক নাঈম ভূঁইয়া, সদস্য শুয়াইবুল ইসলাম, আশরাফুল ইসলামসহ ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত  হয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যারাই করুক না কেন তাদের ছাড় দেওয়া যাবে না। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে আমরা  স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্য কোথাও থাকবে না। শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত করে সাধারণ ছাত্র-ছাত্রীদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক, মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সারওয়ার আলম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাহউদ্দীন সাহেদ, সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন শাকিল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক সাফরাজ নুরী সিজ্জি, সিনিয়র যুগ্ম আহবায়ক বোরহানুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত