ম্যাচ তখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছে। ম্যাচের সময় ৯০ মিনিট ছুঁইছুঁই। বক্সের বাইরে ডান প্রান্ত থেকে ক্রস করেন আন্তোইন গ্রিজমান। সামনে ছুটে গিয়ে বল ছুঁয়ে সেটি জালে পাঠান জুলিয়ান আলভারেজ। তার একমাত্র গোলেই লা লিগায় আতলেতিকো মাদ্রিদ হারিয়েছে সেল্তা ভিগোকে।
এই মৌসুমে ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমান আলভারেজ। তার আতলেতিকোতে যোগ দেওয়ার অন্যতম কারণ ছিল ম্যাচ টাইম যেন বেশি পান। কিন্তু লা লিগায় আগের ৬ ম্যাচের মধ্যে তিনটিতে মাত্র খেলেছেন শুরুর একাদশে। মাত্র এক গোল করায় তাকে প্রথম একাদশের বাইরে রেখেই সেল্তা ভিগোর বিপক্ষে দল সাজান কোচ ডিয়েগো সিমিওনে। ৫৪ মিনিটের সময় বদলি নামা সেই আলভারেজই এদিন জয়ের নায়ক হন।
আতলেতিকোতে যোগ দেওয়ার পর গোলের অনেক সুযোগ হাতছাড়া করছিলেন। তাতে বিশ্বকাপজয়ী এই তারকাকে নিয়ে নানা প্রশ্নও উঠছিল। অবশ্য আলভারেজ পাশে পেয়েছিলেন কোচ সিমিওনেকে। কোচের আস্থার প্রতিদান দিলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ২৪ বছর বয়সী আলভারেজ বলেন, ‘কঠিন এক মাঠে খুবই গুরুত্বপূর্ণ জয় এটি। সময় গড়ানোর সঙ্গে আস্তে আস্তে ম্যাচে নিজেদের গুছিয়ে নিয়েছি আমি। অবশ্যই এই গোল আমার আত্মবিশ্বাসের জন্য সহায়ক হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দলকে সাহায্য করতে পারা।’
ম্যাচ শেষে আতলেতিকো কোচ সিমিওনে বলেন, ‘দ্বিতীয়ার্ধে বদলি কয়েকজনকে নামানোর পর আমরা ভালো খেলতে শুরু করি। রিকেলমে, আলভারেজ, কোরেয়া দুই দিক থেকেই বেশ কার্যকর হয়ে উঠেছিল, মনে হচ্ছিল আমাদের সুযোগ তৈরি হচ্ছে। সৌভাগ্যবশত, শেষ সময়ে গ্রিজমান ও আলভারেজ খুব ভালো সংযোগ করেছে।’
৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে আতলেতিকো। দুই পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সাত ম্যাচের সব জিতে ২১ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা।
