পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন আবাসিক হোটেল রুপন্তী এখন মরণফাঁদে পরিণত হয়েছে। নির্মাণাধীন এই ভবনে কোনো নিরাপত্তাবেষ্টনী না থাকায় শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আর এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চলতি বছরে এই ভবনে কর্মরত অবস্থায় দুই নির্মাণশ্রমিক নিচে পড়ে মারা যান। সর্বশেষ ২০ সেপ্টেম্বর ওই ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পা ফসকে পড়ে মাহবুব (১৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। তার বাড়ি নাটোর জেলার সদর উপজেলায়। গত ২৮ মার্চ আবদুল রব নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তারা বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। একের পর এক শ্রমিকের মৃত্যুর পরও নিরাপত্তা ইস্যুতে উদাসীন ভবন কর্তৃপক্ষ।
নির্মাণাধীন ভবনের মালিক পক্ষ জানান, নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনাটি একটি দুর্ঘটনা। এ বিষয়ে তার পরিবারের সঙ্গে সমঝোতা হয়েছে। নিহত শ্রমিককে তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তার পরিবারকে সাধ্য অনুযায়ী সার্বিক সহযোগিতা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, কোনো নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষের বিল্ডিং কোড না মেনে কাজ করার কোনো সুযোগ নেই। অবশ্যই নিরাপত্তাবেষ্টনী থাকতে হবে নির্মাণাধীন ভবনের। এগুলো না মেনে যদি কেউ কাজ করে এবং সেখানে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সে বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
