লুডু খেলা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ এএম

কুমিল্লায় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাহি আলম মারুফ (১৭) নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। পরে নিহতের মরদেহ নিয়ে কুমিল্লা-চাঁদপুর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা নগরীর নোয়াগাঁও ময়নামতি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহি নগরীর শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম। 

স্থানীয়রা জানান, মাহি তার মায়ের সাথে নগরীর শাকতলা এলাকায় বসবাস করত। শুক্রবার সন্ধ্যায় নোয়াগাঁও ময়নামতি রেলস্টেশনের পাশে মাহিসহ বেশ কয়েকজন কিশোর লুডু খেলছিল। এ সময় খেলা নিয়ে পাশের রামনগর এলাকার জহিরুল ইসলামের ছেলে তুহিনের (১৭) সাথে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে মাহিকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তুহিন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাহিকে উদ্ধার করে প্রথমে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরে নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে নোয়াগাঁও এলাকায় নিয়ে এসে কুমিল্লা-চাঁদপুর সড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা মাহি হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এ সময় উত্তেজিত জনতা ঘাতক তুহিনকে ধরে এনে পুলিশে সোপর্দ করে। 

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাহি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, উভয় পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত