আমার নামে কেউ চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন: আসিফ নজরুল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম

আইন ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন, কিছু মানুষ উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে বা তাদের নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা আদায় করছে। কেউ এ ধরনের কাজ করলে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন। এখন শুনছি এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায় করছেন। বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। সেইসঙ্গে মামলা করবেন। আর মামলার কপি আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন। অবশ্যই চেষ্টা করব এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

আসিফ নজরুল বলেন, এসব কাজ যারা করছেন বা চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। বাংলাদেশের মানুষের সঙ্গে কোনোরকম অন্যায় করবেন না। আমাদের কারও নাম ব্যবহার করবেন না। আমাদের নামে চাঁদাবাজি ও অবৈধ সুবিধা আদায় কিংবা কোনো ধরনের হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন।

এমন কোনো বিষয়ে জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এই আইন উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত