‘মানুষকে সাম্যবাদিতার পাঠ দিয়েছেন অলীরাই’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক শাহেদ আলী চৌধুরী বলেছেন, আল্লাহর প্রিয় মাহবুব অলীদের মাধ্যমে এদেশে আমরা ইসলামকে খুঁজে পেয়েছি। অলীরা আমাদের হেদায়েতের আলো দেখান। আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি করে দেন। তারা যেখানে গিয়েছেন সেখানে মানুষকে সাম্যবাদিতার পাঠ পড়িয়েছেন। জাতিতে জাতিতে পারস্পরিক সহানুভূতি, সহমর্মীতা দেখানোর শিক্ষা ও দীক্ষা দিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ির হারুয়ালছড়িতে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট ব্যাংকার এবং সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. আজমের সভাপতিত্বে এবং এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা যথাক্রমে বিশিষ্ট ব্যাংকার সফিউল আজিম সুমন, দেশ রূপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিক। সভায় বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহিম, সাবেক সাধারণ সম্পাদক গোফরান উদ্দিন ফরহাদ ও জয়নাল আবেদীন তাওরাত।

মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য এবং আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের প্রধান উপদেষ্টা শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী আরও বলেন,
আল্লাহর নবী (সা.) বলেছেন, আমি হচ্ছি আল্লাহর নূর। বিশ্বব্রহ্মাণ্ডের সমগ্র সৃষ্টি আমার নূরের অংশ। তাই সকল সৃষ্টির মধ্যে যে প্রাণ আছে সেটিই হচ্ছে ঈমান।

আল্লাহর কোন সৃষ্টিকে বা কোন জাতিকে অবজ্ঞা করার অধিকার আমাদের নেই। এই অধিকারের বিষয়টি নবী (সা.) আমাদের মাঝে সুস্পষ্ট করে দিয়েছেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আউলিয়া কেরামের মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানান মাইজভান্ডারী। এই গবেষক আরও বলেন, আমরা মুসলিম কীভাবে হলাম? দেওবন্দ মাদ্রাসা
কিংবা আলেমদের দীক্ষা নিয়ে?  না। সুদূর আরব থেকে মাতৃভুমি ও পরিবার ত্যাগ করে অলীরা এদেশে এসেছেন। তাদের মাধ্যমেই এই উপমহাদেশে ইসলাম বিকশিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত