পাবনার সাঁথিয়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম এনামুল হক (৫) ও আয়েশা খাতুন (৪)। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে ও ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে মামাতো—ফুপাতো ভাই—বোন ছিল। করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত শিশুদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার শিশু ইনামুল তার মা—বাবার সাথে নানি মারা যাওয়ার খবরে দেখতে এসেছিল। তারপর আর বাড়ি যায়নি। শনিবার কবর জিয়ারত যাওয়ার কথা ছিল সবার। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। মামাতো বোন আয়শার সাথে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুইজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুইজনকে বলসহ দেখতে পায়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা ডাক্তার ফাতেমা তুয জান্নাত বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচি বলেন, আমি শুনেছি পুন্ডুরিয়া দুইটি শিশু পানিতে ডুবে মারা গেছে।
