সরকারকে দেওয়া তিন দিনের আল্টিমেটাম শেষে আগামী ১ ও ২ অক্টোবর দেশের সকল হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন নার্স ও মিডওয়াইফরা। এর মধ্যে প্রথমদিন মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ও পরদিন বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতালসহ সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মবিরতি পালন করবেন তারা। তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরী ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ স্কোয়াড সেবা দেবে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া এক দফা দাবি পূরণে তিন দিনের আল্টিমেটাম শেষে গতকাল রবিবার এই কর্মসূচি ঘোষণা করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ড. মো: শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর সংস্কার পরিষদ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক দফা দাবি পূরণের লক্ষ্যে সরকারকে তিন কর্মদিবসের সময় দেয়। কিন্তু সরকার এই সময়ের মধ্যে তাদের দাবির পক্ষে কোন প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় সংস্কার পরিষদ এই কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে।
দাবিতে বলা হয়েছিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে।
এই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর থেকে পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করছে। বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচী শান্তিপূর্ণ ও সফলতার সাথে পালন করার জন্য সর্বস্তরের নার্স, মিডওয়াইফ ও শিক্ষার্থীদের পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
কর্মবিরতির আগের দিন আজ সোমবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতালসহ ও সকল স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী কর্মবিরতি ও লাল ব্যাজ ধারণ করবেন নার্স, মিডওয়াইফ ও শিক্ষার্থীরা।
কর্মবিরতির সময় হাসপাতালের জরুরী বিভাগ, ইমার্জেন্সি ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এইচডিইউ ইউনিট কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
