বিমানবন্দরে গ্রেপ্তার মাধবদীর ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৫:৫০ পিএম

নেপালে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন। এর আগে সোমবার দুপুরে বিমানবন্দর ইমিগ্রেশনে থাকা পুলিশ প্রান্তকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে আজহার অমিত প্রান্ত বিমানবন্দরে যায়। তার বিরুদ্ধে মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানসহ ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় হত্যা মামলা রয়েছে। বিষয়টি মাধবদী থানায় অবগত করলে থানা পুলিশ বিমানবন্দরে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মাধবদী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ।

আজ দুপুরে আজহার অমিত প্রান্তর রিমান্ড আবেদন করে তাকে নরসিংদীর আদালতে তোলা হয়। পরে আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণ করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, আজহার অমিত প্রান্ত সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যা মামলায় ৫ নম্বর ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত জাহাঙ্গীর হত্যা মামলায় ৪৬ নম্বর আসামি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় আরো দুটি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত