সাবেক এমপি সালাম মুর্শেদী ও একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:২৯ এএম

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদী এবং নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীকে রাজধানী ঢাকা থেকে এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে আটক করেন র‌্যাব সদস্যরা। র‌্যাবের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার রাতে এই দুজনকে আটকের তথ্য জানানো হয়। 

এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে হওয়া মামলায় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহসভাপতির পদে ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই পদ থেকে তিনি সরে দাঁড়ান। পেশায় ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী তৈরি পোশাক রপ্তানিকারকদের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন।

একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার : নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গতকাল রাতে চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত