গতকাল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। তবে এ হামলায় বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানের এ হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
স্থানীয় সময় আজ বুধবার সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈঠকটি বসার কথা রয়েছে। খবর আল জাজিরা।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে অভিযোগ করেন, তাঁর দেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান।
এছাড়া ইসরায়েলি রাষ্ট্রদূত ইসরায়েলে হামলার কারণে ইরানের নিন্দা জানাতে এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে গতকাল ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার কারণ জানিয়েছে ইরান। দেশটি বলছে, তারা গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং আইআরজিসি নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।
