ব্রিটিশ বাইলিঙ্গুয়াল পোয়েট্টি কালেক্টিভ বিবিপিসি’র অনুবাদ বিভাগ থেকে ঈশিতা আজাদ এবং মাইক রাগেটের সম্পাদনায় প্রকাশিত হতে যাচ্ছে কাব্য সংকলন ‘হোম এন্ড বিলঙ্গিং’। এতে স্থান পেয়েছে বিভিন্ন ভাষার ১২ জন কবি।
বিবিপিসি জানিয়েছে, ২০২২ এবং ২০২৩ সালে বিভিন্ন ভাষাভাষী কবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আটটি অনুবাদ কর্মশালা। তাতে ভিন্ন ভাষার কবিদের মূল কবিতা থেকে অনুবাদ করা হয় ইংরেজি ভাষায়।
গ্রন্থভূক্ত কবিরা হলেন- নাসির পারভীন, ফারুক আহমদ রনি, লেসটার গোমেজ মেদিনা, লিপি হালদার, ছিকা জোন্স, মিলটন রহমান, মালিহা হায়দার, অপু ইসলাম এবং ফ্রেডি মাছা।
অনুষ্ঠিত আটটি কর্মশালায় অংশ নেন মূল কবি ছাড়াও বিপুল সংখ্যক অনুবাদক, কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। সবার অংশগ্রহণে প্রথমে মূল কবিতা উপস্থাপন এবং তারই আলোকে উপস্থিত অনুবাদকদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ইংরেজি অনুবাদ।
বিবিপিসি‘র ট্রান্সলেশন সার্কেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কভিড রিকভারী লোনলিনেস ফান্ডের সহায়তায়। অংশগ্রহণকারী কবি ও অনুবাদকগণ বলেন, তারা নতুন ধরণের অনুবাদ প্রক্রিয়ায় যুক্ত হয়ে নুতন সৃজন কৌশল সম্পর্কে অবগত হয়েছেন।
কবি অপু ইসলাম তার অনুদিত সিলেটি কবিতা প্রসঙ্গে বলেন, বিবিপিসি বহুভাষী ও বহুজাতিক মানুষের প্লাটফর্ম। আমার মায়ের ভাষা, আমার সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে বিবিপিসি একটি বাহন। সেই বাহনের একজন যাত্রী হতে পেরে আমি গর্বিত।
কবি হামিদ মোহাম্মদ ছিলেন অনুবাদকদের একজন। তিনি বলেন, ‘বিবিপিসির এমন উদ্যোগ মূলধারা ইংরাজী সাহিত্যের সংগে বিভিন্ন জাতিসত্তার কবিদের কবিতার সংযোগ স্থাপনে বিশেষ ভূমিকা রাখবে।’
অনুবাদ শেষে এর সম্পাদনার কাজ করেন কবি ঈশিতা আজাদ এবং কবি ও সাংবাদিক মাইক রাগেট। সম্পাদিত কাব্যগ্রন্থ ‘হোম অ্যান্ড বিলঙ্গিং’ প্রকাশ করছে মূলধারার প্রকাশনা প্রতিষ্ঠান ‘পলওয়েল প্রেস’। আগামী ১৩ অক্টোবর বিকাল ৪টায় পূর্ব লন্ডনের হ্যানবারী স্ট্রিটের নজরুল সেন্টারে অনুষ্ঠিত হবে এ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। এতে গ্রন্থভুক্ত কবিসহ উপস্থিত থাকবেন যুক্ত অনুবাদক, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে বিবিপিসি।
