নরসিংদী জেলা আইনজীবী সমিতি ভবনে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৫ জন আইনজীবী আহত হয়েছেন। জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আইনজীবীরা।
আজ বুধবার (২ অক্টোবর) বিকেলে আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলামের কক্ষে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট হাসান আল মামুন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী টুটুল, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট আনিস এবং অ্যাডভোকেট নাসরিন আক্তার।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ করে জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় সমিতির সভাপতির (আমার) কক্ষে হামলা চালায়। এসময় অন্যান্য আইনজীবীরা ওই কক্ষে বসে ছিলেন। আমাকে বাঁচাতে অন্যান্য আইনজীবীরা ঘিরে ধরলে তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। আমি নিরাপদে বের হতে পারলেও হামলায় আহত হয় পাঁচ জন আইনজীবী।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ তার ফেসবুক অ্যাকাউন্টে ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আওয়ামী সরকারের পতনের মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ হয়েছে। তারেক রহমান ও স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, নাশকতা প্রতিরোধে আমরা ছিলাম। গতকালকে মাধবদীতে একটি মামলা হয়েছে, সেই মামলার বাদীকে আইনজীবীসহ আওয়ামী লীগের লোকজন জোরপূর্বক তুলে এনে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করে। আমরা গিয়ে বাদীসহ হলফনামা উদ্ধার করেছি।’
