দুর্গাপূজায় শুভমিতা-সমরজিতের ‘তোমার জন্য রোদ্দুর’

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রোতাদের জন্য বিশেষ উপহার হিসেবে একটি মৌলিক গান নিয়ে আসছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শুভমিতা ও সমরজিৎ রায়। ‘তোমার জন্য রোদ্দুর’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকবি সঞ্জয় রায়। সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনা করেছেন সমরজিৎ রায় নিজেই। 

গানটিতে কোরাসে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায় পরিচালিত ‘সুরছায়া সঙ্গীত পাঠশালা’র শিক্ষার্থীবৃন্দ (শান্তা, চন্দ্রিমা, ঐশী, শ্রাবণী, ঋতু, শ্রাবন্তী ও প্রমা)। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং-মাস্টারিং করেছেন গৌতম বসু। ভিডিও সম্পাদনা করেছেন প্রেম প্রকাশ কর্ণ।

স্টুডিওতে গানটির কণ্ঠধারণ করেছেন বিনোদ রায় এবং অনুজিৎ বড়ুয়া লিমন। তবলা বাজিয়েছেন রবিন চৌধুরী। ভিডিও দৃশ্যধারণ করেছেন চন্দনা চক্রবর্তী, শেখ সাদী, লিমন বড়ুয়া এবং সাগর। আগামী ৬ অক্টোবর গানটি সমরজিৎ রায়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

সঙ্গীতশিল্পী শুভমিতা বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে সমরজিৎ এবং আমার দ্বৈত কণ্ঠের নতুন গান ‘তোমার জন্য রোদ্দুর’ প্রকাশিত হবে। আমি আশা করবো আপনারা যেভাবে সবসময় বাংলা নতুন গানের সঙ্গে থেকেছেন, এই গানটির সঙ্গেও থাকবেন। সঞ্জয় রায়ের কথা এবং সমরজিৎ রায়ের সুর ও সঙ্গীতায়োজনে তৈরি গানটি গেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও শুনে খুব ভালো লাগবে।’

সমরজিৎ রায় বলেন, ‘শুভমিতা দিদি আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। গানটি সুর করে যখন দিদিকে পাঠাই উনি ভীষণ পছন্দ করেছিলেন এবং গানটি শুনেই আমার সঙ্গে গাওয়ার সম্মতি দিয়েছেন, এটি আমার জন্য পরম সৌভাগ্যের। শুধু তাই নয়, পার্থদা'র (শুভমিতা দিদির স্বামী) কাছে পরে জেনেছি দিদি তার বাড়িতে এই গানের সুর সারাক্ষণই গুনগুন করে গাইতেন এবং গানটি রেকর্ড করে উনি ভীষণ খুশি হয়েছিলেন।’

তিনি বলেন, ‘আমার জন্য আরো ভালো লাগার বিষয় হলো আমার সুরছায়ার শিক্ষার্থীরা এই প্রথম আমার কোন গানে কোরাসে কণ্ঠ দিয়েছে। তাদের কোরাস কণ্ঠ যুক্ত হওয়ার কারণে এই গানটির প্রতি সবার মুগ্ধতা আরো বেশি বাড়বে বলেই আমার বিশ্বাস। সর্বোপরি ভীষণ মিষ্টি রোমান্টিক এই গানটি সবার খুবই পছন্দ হবে এটুকু বলতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত