২০২৫ সালের মধ্যে আরও ৩৫টি কূপ খননের পরিকল্পনা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ এএম

চলমান জ্বালানি সংকট নিরসনে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ২০২৫ সালের মধ্যে স্থলভাবে আরও ৩৫টি কূপ খনন করা হবে। এ ছাড়া গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য সাতটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ সচিব মো. নূরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার প্রমুখ।

ফাওজুল কবির বলেন, জ্বালানি সংকটের কারণ হলো গ্যাসের রিজার্ভ (মজুদ) কমে আসছে। সে কারণেই ব্যয়বহুল এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছে সরকার। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করার। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। সাগর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা তুলে ধরে উপদেষ্টা বলেন, ২০২৫ সাল পর্যন্ত ৫০টি পরিকল্পনায় ছিল। এর মধ্যে ১৫টি খনন করে ১৭৬ মিলিয়ন ঘনফুট প্রতিদিন উত্তোলনযোগ্য গ্যাস মিলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত