বিএনপি ক্ষমতায় গেলে কোনো প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো বিভিন্ন প্রতিষ্ঠান নির্লজ্জ দলীয়করণ করা হবে না। জনগণের জন্য কাজ করে যাবে বিএনপি।
শনিবার (৫ অক্টোবর) নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে অনুদান বিতরণ করা হয়।
অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেন। কারণ, জনগণ ১৭ বছর যাবৎ ভোট প্রয়োগের জন্য অপেক্ষা করছে।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট মোশাররফ হোসেন, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মো. হেলাল মিয়া, বিটিএমের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহাসহ ব্যবসায়ী নেতারা।
এসময় ছাত্র আন্দোলনে নরসিংদীতে নিহত ২৬ পরিবারের প্রত্যেককে ১ লাখ ও আহত ৩০০ পরিবারের সদস্যদের মাঝে মোট ৫২ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি হচ্ছে: নাগরিক কমিটি
রাজধানীর যানজট নিরসনে ফুটপাত ও সড়ক দখলমুক্তসহ ১১ প্রস্তাব