বগুড়ার শেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুজন স্কুলছাত্র নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়লা আলাদী গ্রামের মোলা বক্সর ছেলে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম (১৪) ও চকখানপুর গ্রামের আবু তালেবের ছেলে খানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোরছালিন (১৩)।
আহতরা হলেন জয়লা আলাদী গ্রামের রাসেল (১০), মেরাজুল (১১), রানা (১৮), রুস্তম (১২), সিহাব (১৪), রাকিব (১০) ও কামরুল (১০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানায়, জয়লা আলাদী মাঠে দুপুরে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিল। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে দুজন নিহত হয়।
উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, এ ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে আনার পথে আরও একজন মারা যায়। অন্যদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতাসহ ২৮ শিক্ষার্থী বহিষ্কার