বগুড়ার শেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
বজ্রপাতে নিহত দুই ছাত্র হলেন- স্থানীয় কল্যাণী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও জয়লা আলাদী গ্রামের মোলা বক্সের ছেলে জাহিদুল ইসলাম (১৪) এবং খানুপর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও চকখানপুর গ্রামের আবু তালেবের ছেলে মোরছালিন (১৩)।
এ ঘটনায় আহতরা হলেন-জয়লা আলাদী গ্রামের আশরাফের ছেলে রাসেল (১০), আকতারের ছেলে মেরাজুল (১১), নুরুল ইসলামের ছেলে রানা (১৮), জহুরুলের ছেলে রুস্তম (১২), সাত্তারের ছেলে সিহাব (১৪), রাকিব (১০) ও কামরুল (১০)।
এলাকাবাসী জানায়, জয়লা আলদী গ্রামে বাঙালি নদী থেকে ড্রেজার দিয়ে তুলে রাখা বিশাল এলাকাজুড়ে বালু-মাটির স্তূপের ওপর দুপুরে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিল। এ সময় আকাশে কালো মেঘ দেখা যায় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রাঘাতে দুজন নিহত হয়। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, মৃত অবস্থায় মোরছালিন ও জাহিদুল নামে দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। আহত অন্যদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
