মেজর লিগ সকারের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছোঁয়ার হাতছানি ইন্টার মায়ামির। সেই রেকর্ড ছোঁয়ার আগে আজ টরন্টো এফসির মাঠ থেকে জিতে এসেছে ১-০ গোলে। এই জয়ে মায়ামির পয়েন্ট হয়েছে ৩৩ ম্যাচে ৭১।
আগেই প্লে-অফ আর সাপোর্টার্স শিল্ডের শিরোপা নিশ্চিত করা মায়ামি অবশ্য আজ মেসির ওপর নির্ভর করে জেতেনি। মেসি এই ম্যাচে শুরুর একাদশেও খেলেননি। মায়ামি ম্যাচের একমাত্র গোলটি অবশ্য পেয়েছে মেসি মাঠে নামার পরই। ৬১ মিনিটে মাঠে নেমেছেন আর্জেন্টাইন তারকা। আর মায়ামি গোল পেয়েছে যোগ করা সময়ের ৩ মিনিটে। গোলটিতে মেসি সহায়তাও করেননি।
মায়ামিকে জেতানো গোলটি করেছেন দলের ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা। গোলটিতে সহায়তা করেছেন মেসির মতো আরেক বদলি খেলোয়াড় লুইস সুয়ারেজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি ক্রস দিয়েছিলেন উরুগুইয়ান তারকা। সেটি ঊরু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ এক ভলিতে গোলটি করেন কাম্পানা।
লিগে বাকি আছে আর এক ম্যাচ। আর সর্বোচ্চ পয়েন্ট অর্জন করতে তাদের প্রয়োজন ২ পয়েন্ট। অর্থাৎ আগামী ২০ অক্টোবর নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাকে জিততেই হবে। ম্যাচটি জিতলে ৩ পয়েন্ট পেয়ে কোনো ভাগাভাগি ছাড়াই এমএলএসে রেকর্ডটি নিজেদের করে নেবে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন মায়ামি।
৭৩ পয়েন্ট নিয়ে এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল নিউ ইংল্যান্ড দলের, যেটা তারা গড়েছিল ২০২১ সালে। মায়ামি রেকর্ডের হাতছানির ম্যাচটি নিজেদের মাঠে ফ্লোরিডায় এই দলটির বিপক্ষেই।
মানের জোড়া গোলের রাতে রোনালদোর ৯০৫
জয়ে ফিরলেও স্বস্তি ফিরেনি আনচেলত্তির দুর্গে
ভারত সিরিজে ক্রিকেটাররা কষছেন আইপিএল-বিপিএল অঙ্ক