ভারত সিরিজে ক্রিকেটাররা কষছেন আইপিএল-বিপিএল অঙ্ক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:০৯ এএম

গোয়ালিয়রে আজ থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজে শুধু দর্শকদেরই চোখ থাকবে না, আতশি কাচ দিয়ে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকরাও। ১৪ অক্টোবর বাংলাদেশে হওয়ার কথা বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট। আইপিএলের আগামী আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার শেষ তারিখ ৩১ অক্টোবর। তাই তো সিদ্ধান্ত পাকা করার আগে দুই তরফের কর্তারাই দেখে নিতে চাইবেন, কতটা দৌড়ায় তাদের বাজির ঘোড়া।

কানপুর টেস্টের তৃতীয় দিনের সকাল। বৃষ্টি নেই, তবে খেলাও শুরু হচ্ছে না, তাই লেখার তাড়া নেই। প্রেস বক্সে জমে ওঠা আড্ডায় আগের রাতে ঘোষণা করা ভারতের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল নিয়ে সর্বভারতীয় ইংরেজি দৈনিকের এক সাংবাদিকের সরস মন্তব্য, ‘এসব সিরিজ হচ্ছে বড় আসরের জন্য অডিশন।’

বিরাট কোহলি, রোহিত শর্মারা বিশ্বকাপ জিতে অবসরের ঘোষণা দেওয়ার পর দুটো সিরিজ খেলেছে ভারত, জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কায়। বিশ্বকাপের ঠিক পরপরই জিম্বাবুয়ে সফর, তাই বিশ্বকাপে খেলা কোনো ক্রিকেটারকেই দেখা যায়নি সেই সফরের দলে। শ্রীলঙ্কা সিরিজে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্তরা খেলেছেন ঠিকই; সঙ্গে শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজরাও ছিলেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারতীয় দলে সূর্যকুমার আর হার্দিক পান্ডিয়া বাদে চেনা তারকাদের কেউই নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্যই বিশ্রাম দেওয়া হয়েছে টেস্টেও টি-টোয়েন্টির মতো ব্যাটিং করা জয়সওয়াল, গিল, পান্তদের। অভিষেক শর্মা, রিয়ান পরাগ, জিতেশ শর্মা, নীতিশ রেড্ডিদের কাছে এই সিরিজটা জাতীয় দলে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ, তেমনি ফ্র্যাঞ্চাইজিদের কাছেও নিজেদের গুরুত্বপূর্ণ করে তোলার মঞ্চও।

আইপিএল কর্র্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের আইপিএলের জন্য মেগা নিলামের আগে, খেলোয়াড় ধরে রাখার তালিকা চূড়ান্ত করার সবশেষ তারিখ ৩১ অক্টোবর। খেলোয়াড় ধরে রাখা অথবা রাইট টু ম্যাচ (এই সুবিধা ব্যবহার করে নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তার ছেড়ে দেওয়া কোনো খেলোয়াড়কে সর্বোচ্চ দামের সমান অর্থ দিয়ে নিজেদের দলে নিতে পারবে), সব মিলিয়ে সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটার এবং ভারতের হয়ে খেলা ক্রিকেটার মিলিয়ে সংখ্যাটা পাঁচের বেশি হবে না। অন্তত একজন আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ভারতীয় খেলোয়াড়কে দলে ধরে রাখতেই হবে, তবে সংখ্যাটা দুইয়ের বেশি হবে না।

ফ্র্যাঞ্চাইজিরা তাই কাকে দলে রাখবেন এবং কাকে নিলামের জন্য ছেড়ে দেবেন, সেই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজেই ভারতের তরুণ ক্রিকেটারদের সামর্থ্যটা দেখে নিতে চাইবেন। মেলাতে চাইবেন নানান অঙ্ক। যেমন সানরাইজার্স হায়দরাবাদ নিঃসন্দেহে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেডদের পাশাপাশি অভিষেক শর্মাকেও ধরে রাখতে চাইবে। নীতিশ রেড্ডি এখনো আনক্যাপড, এই সিরিজে অভিষেক হয়ে গেলে তাকে কিন্তু রাখতে পারবে না সানরাইজার্স। আর্শদীপকে কি ধরে রাখবে পাঞ্জাব কিংস না ছেড়ে দেবে সেই সিদ্ধান্তও হয়ে যেতে পারে বাংলাদেশ সিরিজের পারফরম্যান্সেই।

আইপিএল যতটা গোছানো এবং নিয়মতান্ত্রিক, বিপিএল ততটাই অগোছালো এবং অনিয়মে ভরা। এখানে একজন বিদেশি ক্রিকেটার ফ্লাইটে ওঠেন এক দলের হয়ে খেলতে আর এসে খেলেন আরেক ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাই ১৪ অক্টোবর শেষ পর্যন্ত প্লেয়ার ড্রাফট হয় কি না সেটাও প্রশ্ন, কারণ কিছু ফ্র্যাঞ্চাইজি নাকি এখনো ব্যাংক গ্যারান্টির টাকাই জোগাড় করতে পারেনি! গতকাল ঢাকায় বিসিবি কার্যালয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকরা বৈঠক করেছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে। তারা তাদের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন, দ্রুততম সময়ের ভেতর খেলোয়াড়দের ক্যাটাগরি-ভিত্তিক তালিকা চেয়েছেন।

বাংলাদেশ-ভারত সিরিজ শেষ হচ্ছে ১২ অক্টোবর আর ড্রাফট ১৪ অক্টোবর। তাই এই সিরিজে ভালো করা ক্রিকেটারদের সরাসরি সাইনিং বা ড্রাফটে আগে পেতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি, তবে শোনা যাচ্ছে ঢাকার নতুন দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন রংপুর রাইডার্সের কর্মকর্তা শানিয়ান তানিম, জাতীয় দলে মেহেদি হাসান মিরাজ যদি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন এই সিরিজে তাহলে হয়তো তারকাঠাসা বরিশাল থেকে রংপুরেও চলে যেতে পারেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার বিপিএলেই নেই, তাওহীদ হৃদয়ের এই সিরিজের পারফরম্যান্স ঠিক করে দিতে পারে আসছে বিপিএলে কত হবে তার দাম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেই আসছে বিপিএলে, তানজিদ তামিমকে ভালো দর পেতে হলে ভারতের বিপক্ষে সিরিজে কিছু একটা করে দেখাতেই হবে। পারভেজ ইমন সেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের কৃতিত্বের পর আর বলার মতো কিছুই করতে পারেননি, এবার সুযোগ পেলে তারও নিশ্চয়ই প্রচেষ্টা থাকবে নিজেকে প্রমাণ করার।

দলের হারজিত, র‌্যাংকিংয়ের ওঠানামা এসব তো থাকবেই। তবে এই সিরিজটা পকেট ভরিয়ে দিতে পারে ভারত-বাংলাদেশ দুই দলেরই তরুণ ক্রিকেটারদের, কারও জন্য আবার হতে পারে উল্টোটাও।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত