অসুস্থ ক্যাটরিনা, উদ্বিগ্ন অনুরাগীরা! 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৩ পিএম

গত কয়েক মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবরে অনেকবারই খবরের শিরোনামে এসেছেন ক্যাটরিনা কাইফ। শেষ পর্যন্ত প্রমাণিত, তা গুজব মাত্র। কিন্তু, দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন অভিনেত্রী। বিদেশেই দিন কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে। ফের প্রশ্ন উঠল তার স্বাস্থ্য নিয়ে।

সম্প্রতি ক্যাটরিনাকে মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে দেখা যায়। পরনে ফুলছাপ সিল্কের শাড়ি, কানে বড় ঝুমকো, কপালে ছোট্ট টিপে তাকে লাগছিল অসাধারণ সুন্দর। কিন্তু এরই মধ্যে নেটাগরিকেরা লক্ষ করেন, ক্যাটরিনার ডান হাতের কনুইয়ের উপরে লাগানো একটি কালো প্যাচ। কোনোভাবেই তা সাজের অঙ্গ নয়। ওয়াকিবহাল মহলের বুঝতে দেরি হয়নি, ওটি কোনও স্বাস্থ্য সংক্রান্ত প্যাচ।

সমাজমাধ্যমে শুরু হয় লেখালিখি, ওঠে প্রশ্ন, ক্যাটরিনা কি অসুস্থ? এক নেটাগরিক লেখেন, “এটা ডায়াবেটিস প্যাচ। ক্যাটরিনা ঠিক আছেন তো?” সাধারণত ডায়াবেটিসে আক্রান্তরা এই ধরনের প্যাচ ব্যবহার করেন। ত্বকের সঙ্গে লেগে থাকা এই ছোট্ট যন্ত্রাংশ, ডায়াবেটিস সংক্রান্ত তথ্যের জোগান দেয়। কখনও কোনও সমস্যা হলেই যাতে দ্রুত পদক্ষেপ করা যায়। তা ছাড়া, যারা ইনসুলিন ব্যবহার করেন তাদেরও সুবিধা হয় এই প্যাচ থাকলে।

পরবর্তীতে ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, ওটি সত্যিই স্বাস্থ্য সংক্রান্ত প্যাচ। নিজের শারীরিক সুস্থতার বিষয়ে বরাবরই সচেতন ক্যাটরিনা। হার্ট রেট, ক্যালোরি কাউন্ট, স্লিপ প্যাটার্নের উপর নজর রাখার জন্যই তিনি এই গ্যাজেট ব্যবহার করছেন বলে মনে করা হচ্ছে। যদিও দীর্ঘদিন পর্দায় বা কোনও অনুষ্ঠানে তাকে দেখতে পাওয়া যায়নি বলেই অনেকে সন্দেহ করছেন হয়তো কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মেরি ক্রিসমাস’ ছবিতে, বিজয় সেতুপতির সঙ্গে। তার পর থেকে আর কোনও খোঁজ নেই। তিনি লন্ডনে ছিলেন বলে জানা যায়। সামনে তাকে দেখা যাবে ‘জি লে জআরা’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত