ইসরায়েলি শহর হাইফায় হিজবুল্লাহর রকেট হামলা, আহত ১০

  • গাজা যুদ্ধের পর এই প্রথমবারের মতো হাইফার কেন্দ্রে আঘাত হানা হয়েছে
  • ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আটকাতে পারেনি রকেটগুলোকে
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৯ এএম

গাজা যুদ্ধের এক বছর হয়ে এলেও থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে দখলদার দেশ ইসরায়েলের মধ্যে। বরং গাজার পাশাপাশি লেবাননেও হামলা ও অভিযান শুরু করেছে দেশটি। এতে করে লেবাননেও প্রতিনিয়ত মারা যাচ্ছে অসংখ্য মানুষ।

ইসরায়েল হামলা চালালেও থেমে নেই ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মাঝেই ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এমনকি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট। আহত হয়েছে ১০ জন।

পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা, রয়টার্স।

আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো হাইফার কেন্দ্রে আঘাত হানা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে পাঁচটি রকেট আঘাত হেনেছিল যার ফলে অন্তত ১০ জন আহত হন। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারেনি রকেটগুলোকে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরে রকেট হামলা হয়েছে। সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন।

তবে হিজবুল্লাহর দাবি, তারা হাইফার দক্ষিণাঞ্চলের কারমেল সামরিক ঘাঁটি এবং তিবেরিয়াস শহরের পশ্চিমে নিমরা সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

হাইফা শহরটি ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত, লেবাননের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে অবস্থিত।

হাইফা শহরে হামলাকে গুরুত্বর বলে ধরা হচ্ছে কারণ এটি ইসরায়েলের তৃতীয় বড় এবং উত্তর ইসরাইলের সবচেয়ে বড় শহর। এটি দেশটির প্রধান বন্দর শহরও বটে। এ শহরে একটি সামরিক ঘটি রয়েছে এবং শহরটিতে প্রায় ৩ লাখ জনসংখ্যার বসবাস।

অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে রোববার জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর আর অস্ত্রের মজুতাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা অঞ্চলেও হামলা চালিয়েছে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত