রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক আহত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পিএম

রাজধানীর বাড্ডায় আসাদ মিয়া (৩২) নামে এক যুবক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি সিএনজি অটোরিকশাচালক। তবে তিনি মাদকাসক্তও বলে জানা যায়। সোমবার (৭ অক্টোবর) ভোরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়। বর্তমানে থাকেন মধ্য বাড্ডা।

আহতের প্রতিবেশী আল-আমিন জানান, সকালে আসাদের ফোন থেকেই কেউ একজন ফোন করে জানান, বাড্ডা এলাকায় ছিনতাইকারীরা আসাদকে ছুরিকাঘাত করেছে। পরবর্তীতে তারা গিয়ে বাড্ডা সাঁতারকুল রহমতুল্লাহ গার্মেন্টের সামনে থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রিকশায় করে সেখানে এসেছিলেন আসাদ।

আহত আসাদ জানান, বাসা থেকে ভোরে গ্যারেজে যাচ্ছিলেন তিনি। পথে মধ্য বাড্ডা আদর্শনগর মোড়ে তিনজন যুবক তাকে ছুরিকাঘাত করে। এদের মধ্যে একজন তার পূর্ব পরিচিত। ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৩৮শ টাকা ও একটি ফোন নিয়ে গেছে বলে অভিযোগ তার।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আসাদের বাম পায়ের উরুতে একটি আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত