দুর্গাপূজা উপলক্ষে ঢাবির ৬ প্রবেশমুখে বসেছে চেকপোস্ট

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম

নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৬টি প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে৷

সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সোমবার থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই চেকপোস্টের কার্যক্রম চলমান থাকবে। প্রবেশপথগুলো হলো নীলক্ষেত, পলাশী, শাহবাগ, বার্ন ইউনিট, দোয়েল চত্বর এবং শহীদ মিনার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৬টি প্রবেশমুখ নীলক্ষেত, পলাশী, শাহবাগ, বার্ন ইউনিট, দোয়েল চত্বর এবং শহীদ মিনার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। ৭ অক্টোবর দুপুর থেকে আগামী ১৪ অক্টোবর দুপুর পর্যন্ত এই চেকপোস্টের কার্যক্রম চলমান থাকবে।

সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার কথা জানিয়ে বলা হয়, এ সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানানো হচ্ছে। দুর্গোৎসব চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আতশবাজি না করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পূজা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগত সকল পুণ্যার্থী এবং দর্শনার্থীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য বলে এতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত